পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সামাজিক সম্প্রীতি এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর জেলা কমিটির নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সৌহার্দ্য জোরদার এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আস্থা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও অ-বাঙালি সকল জাতিসত্তার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। অত্র অঞ্চলে টেকসই শান্তি নিশ্চিত করতে সব পক্ষকে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই।
সৌজন্য সাক্ষাতে সিএইচটি সম্প্রীতি জোটের বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক অংসিংথোয়াই মারমা, মুখপাত্র উম্মে সাথী, যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন এবং সদস্য সচিব উথোয়াইমি মারমা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রাখতে এবং অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর সহাবস্থান গড়ে তুলতে তাদের অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেন।




















