পার্বত্য জেলা রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে এবং আবাসন সংকট নিরসনে এক বড় উদ্যোগ নিতে যাচ্ছে জেলা পরিষদ। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে হোস্টেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বক্তব্যে দীপন তালুকদার বলেন, পাহাড়ি দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া অন্যতম প্রধান বাধা আবাসন সংকট। যদি শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করা যায়, তবে প্রত্যন্ত এলাকার বহু শিক্ষার্থীর শিক্ষার আলো পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। তাই জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি করে হোস্টেল স্থাপনের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, কেবল ভবন বা হোস্টেল নির্মাণই শেষ কথা নয়; শিক্ষার গুণগত মান উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও কার্যক্রম গতিশীল রাখতে জেলা পরিষদের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তিনি বিদ্যমান সমস্যা সমাধান করে শিক্ষার মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মতবিনিময়কালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের নানা সংকট ও সুপারিশ তুলে ধরেন।
পার্বত্য এই জেলায় শিক্ষার এমন নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে তা পাহাড়ের ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাবে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















