পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাঙ্গামাটিতে ইফতার মাহফিলের আয়োজন করেছে লংগদু স্টুডেন্ট ফোরাম। রোববার বিকেলে রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকার পাতাইয়া রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হারুনর রশীদ, অ্যাডভোকেট কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন, অ্যাডভোকেট আলাল উদ্দিন এবং মিনহাজ মুরশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাডভোকেট আলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, ইতিবাচক সামাজিক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজ সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অ্যাডভোকেট হারুনর রশীদ উল্লেখ করেন, শিক্ষা ও সামাজিক সম্পৃক্ততার সমন্বয়ে নেতৃত্বগুণ, সহযোগিতার মনোভাব ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে।
প্রধান অতিথি মো. আবু নাছির বলেন, লংগদু স্টুডেন্ট ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে যুবসমাজের মধ্যে মানবিকতা, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
ইফতার গ্রহণের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রজন্মের মধ্যে মতবিনিময়, পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি 








