বাজার এলাকায় মেডিকেল ক্যাম্পে ৭৩ রোগীকে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান; জোরদার হচ্ছে পারস্পরিক সম্প্রীতি

দুর্গম পাহাড়ের অসহায় মানুষের পাশে সেনাবাহিনী, লক্ষ্মীছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
দুর্গম পাহাড়ের অসহায় মানুষের পাশে সেনাবাহিনী, লক্ষ্মীছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে আজ রবিবার (২৯ নভেম্বর) লক্ষ্মীছড়ি বাজার এলাকায় দিনব্যাপী বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
‎
‎লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় পরিচালিত এই মানবিক চিকিৎসা কার্যক্রমে জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) স্থানীয় ও দূরবর্তী পাহাড়ি জনপদের মোট ৭৩ জন রোগীকে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ, সচেতনতামূলক দিকনির্দেশনা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
‎
‎স্থানীয়দের মতে, দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কারণে পার্বত্য এলাকার অনেক মানুষ নিয়মিত চিকিৎসা থেকে বঞ্চিত হন। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। একই সঙ্গে এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হচ্ছে।
‎
‎সংশ্লিষ্টরা জানান, দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
‎
‎

শেয়ার করুন