সারাদেশে কথিত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি রাঙ্গামাটির প্রধান সড়ক ও কাঁঠালতলী এলাকা প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাঙ্গামাটি জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী সভাপতির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষ আপনাকে ভুলে যায়নি। দীর্ঘ ১৭ বছর যে পরিমাণ দুর্নীতি ও অন্যায় আপনি করেছেন, তার হিসাব এখনো বাকি রয়েছে। দেশের বাইরে থেকে কলকাঠি নেড়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে জনগণ আপনাকে ছেড়ে দেবে না। প্রচলিত আইনে বিচারের মাধ্যমে আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম সাকির, সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, মো. আলম ও শাহাদাত হোসেন মুন্না, সহ-প্রচার সম্পাদক মো. বাদশা আলমগীর, সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. নুর নবী পিন্টু এবং গ্রাম বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন। এছাড়াও যুবদলের জেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।

