অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ; গর্ত ভরাট ও জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের

চেঙ্গী নদীতে ড্রেজারের গর্তে প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিশুর, এলাকায় শোক ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
চেঙ্গী নদীতে ড্রেজারের গর্তে প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিশুর, এলাকায় শোক ও ক্ষোভ
খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকায় চেঙ্গী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে ডুবে সুপন ত্রিপুরা (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপন বেলতলী পাড়ার সুবাস ত্রিপুরার একমাত্র ছেলে এবং ভোলানাথ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার স্কুল ছুটির পর প্রতিদিনের মতো আরও দুই শিশুর সঙ্গে চেঙ্গী নদীতে গোসল করতে যায় সুপন। নদীতে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া প্রায় ১৫ ফুট গভীর একটি গর্তে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খবংপুরিয়া এলাকায় একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে নিয়মিত অবৈধভাবে বালু তুলে আসছে। বালু উত্তোলন শেষে তৈরি হওয়া বিশাল ও গভীর গর্তগুলো ভরাট না করে ফেলে রাখায় প্রতিনিয়তই প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক শিক্ষক অভিযোগ করেন, জেলা বিএনপির প্রভাবশালী নেতা জহিরুলের নেতৃত্বে একটি মহল একাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
‎
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগেই তারা অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন এবং তা বন্ধের দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই বাধা উপেক্ষা করে ফের বালু উত্তোলন চালানো হয়। তাদের মতে, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও গর্তগুলো ভরাট করা হলে আজ এমন করুণ পরিণতি হতো না।
‎
‎একমাত্র সন্তানকে হারিয়ে শোকের মাতম চলছে সুপনের পরিবারে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর বিপজ্জনক গর্তগুলো ভরাট, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
‎
‎অন্যদিকে, ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা এবং সদর থানা পুলিশের কর্মকর্তারা শোকাহত পরিবারের পাশে দাঁড়ান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বিপন ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎

শেয়ার করুন