কুমিল্লার দেবিদ্বারে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মো. সজীব নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত যুবকের বাবা শফিক মীর বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মনছুর মুন্সী (৪০), তাঁর ছেলে মো. রাহাদ (১৯), বিল্লাল হোসেন (৪৫) ও মো. হেলাল (৩৩)-সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার-গজারিয়া সড়কের গুনাইঘর এলাকায় চরজনিয়া শহিনূরের চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজীব বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি আহত সজীব এলাকাবাসীর সঙ্গে একত্রিত হয়ে প্রধান অভিযুক্ত মনছুর মুন্সীর মাদক কারবার ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বাধা দেন। এই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং তারই ধারাবাহিকতায় সজীবের ওপর এই হামলা চালানো হয় বলে ধারণা স্থানীয়দের।
লিখিত অভিযোগে সজীবের বাবা শফিক মীর জানান, ঘটনার দিন সজীব দেবিদ্বার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। গুনাইঘর এলাকার ওই চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ি মারধর শুরু করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীদের একজন লোহার রড দিয়ে সজীবের মাথায় আঘাত করতে গেলে তিনি ডান হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন; এতে তাঁর ডান হাতের কবজি গুরুতর জখম হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে তাঁর ডান হাঁটুতে আঘাত করা হয় এবং আরেকজন গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা চালান। পাশাপাশি সজীবের কাছে থাকা ১৭ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, ঘটনার বিষয়ে কাউকে জানালে বা আইনি ব্যবস্থা নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশ ও পুনরায় হামলার হুমকি দেওয়া হয়। আহত সজীবকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও অভিযুক্তরা হাসপাতালের সামনে গিয়ে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সজীবের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

