খাগড়াছড়ির মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর আয়োজন চলে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন বাবু এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
পবিত্র কোরআন, ত্রিপিটক ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র (স্মারকলিপি) পাঠ করে। মানপত্রে বিদ্যালয়ের প্রিয় আঙিনার স্মৃতি, শিক্ষকদের স্নেহ-ভালোবাসা এবং আগামীর পথচলার প্রত্যাশার কথা আবেগঘন ভাষায় ফুটে ওঠে। পরে অতিথি, শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়ে শিক্ষার্থীরা কেক কেটে ক্লাস পার্টির আনন্দ ভাগাভাগি করে নেয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ক্ষুদে শিক্ষার্থীদের দলীয় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিক্ষার্থীদের একটি ব্যতিক্রমী ফ্যাশন শো। এর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চিত্র ফুটে ওঠে।
বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান। পড়াশোনার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

