বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৮৫৬টি পরিবারের মাঝে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়।
হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ইমার্জেন্সি রিলিফ টু ফ্লাড ভিকটিমস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হয়। গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ আগামী ১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।
প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায় ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলায় ১ হাজারটিসহ সর্বমোট ৫ হাজার ৮৫৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়। এর অংশ হিসেবে সর্বশেষ জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়া ও কুহালং ইউনিয়নের কুহালং হেডম্যান পাড়ায় আরও ৪৫৫টি পরিবারের হাতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
গ্রাউসের ডেপুটি ডিরেক্টর চিন্ময় মুরুংয়ের সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার এবং গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা।
এছাড়াও সভায় কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, টংকাবতি ইউপি চেয়ারম্যান মাং ইয়াং ম্রো প্রদীপ, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, জামছড়ি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিম্প্রু মারমা, সুয়ালক ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস ছবুর মেম্বার, গ্রাউসের প্রোগ্রাম অফিসার উসাইমং মারমা, বান্দরবান পৌরসভার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারি প্রশাসন, উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টার কারণেই দুর্গত মানুষের দোরগোড়ায় দ্রুততম সময়ে এই সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য অর্থায়নকারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

