পার্বত্যাঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলা, আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লংগদু সেনা জোনের উদ্যোগে গবাদি পশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ ও পশু-পাখি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে লংগদু জোনের আয়োজনে স্থানীয় জনগোষ্ঠীর ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণোত্তর সনদপত্র ও পশু-পাখি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও পশু-পাখি তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি। এ সময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মাঝে ৩টি ছাগল ও ২৪টি মুরগি বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ ও ২৪ নভেম্বর প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগোষ্ঠীর মোট ১৫ জন অংশগ্রহণ করেন; যার মধ্যে ২ জন বাঙালি ও ১৩ জন অ-বাঙালী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ছিলেন। প্রশিক্ষণে গবাদি পশু ও গৃহপালিত পাখি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও মাঠ পর্যায়ের ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক উদ্যোগ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে প্রশিক্ষণ ও পশু-পাখি পেয়ে উপকারভোগীরা নতুন করে আয়ের পথ দেখছেন, যা অঞ্চলটির টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

