দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং সরকার ঘোষিত ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর জীববৈচিত্র্য ও মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ মিটার অবৈধ চরঘেরা ও ভাসা জাল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হালদা নদীর রামদাস মুন্সীর হাট অংশ থেকে শুরু করে মোহরা পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে পাতা অবস্থায় সাতটি ধ্বংসাত্মক চরঘেরা ও ভাসা জাল উদ্ধার করেন অভিযানকারীরা। জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক সাড়ে চার হাজার মিটার। অভিযান শেষে জনসম্মুখে রামদাস মুন্সীর হাট সংলগ্ন নদীর পাড়ে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন হালদা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ ছাড়া মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা এবং হালদা প্রকল্পের পাহারাদাররা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, হালদা নদীর রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশসহ কার্পজাতীয় মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং ধ্বংসাত্মক জালের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। নদীকে সব প্রজাতির মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে অবৈধ জাল ও মা মাছ শিকারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

