বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি পুরোনো বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল হাসান প্রকাশ নয়ন (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আটক রবিউল হাসানকে সঙ্গে নিয়ে ফুলতলী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মফিজুর রহমান প্রকাশ আবুইয়ার বসতঘরের ভেতরে কাঠের আলমারির ওপরের তাক থেকে একটি পুরোনো বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় জব্দতালিকার মাধ্যমে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় চারজনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আটক রবিউল হাসান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন—মো. রুবেল (৩৪), মো. জয়নাল (২৮) ও মফিজুর রহমান প্রকাশ আবুইয়া (৩৫)। তারা সবাই ফুলতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২৯ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা মামলাটির নম্বর ১৯ এবং জিআর নম্বর ১৮৯। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ তপাদারকে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, উদ্ধার করা অস্ত্রটি কোনো হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

