খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনট্যাহরী গুচ্ছগ্রাম এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘শান্তি এক্সপ্রেস’ এবং পাহাড় থেকে চট্টগ্রামগামী কলা বোঝাই একটি পিকআপের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় শান্তি এক্সপ্রেসের একজন যাত্রী এবং পিকআপ চালকসহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে তিনট্যাহরী গুচ্ছগ্রাম এলাকায় বিপরীতমুখী দুটি যানের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে পিকআপ চালক মোঃ জাকির হোসেন (৪০) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার নায়েব আলীর ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সচেতন মহলের মতে, এই দুর্ঘটনার মূল কারণ রাস্তার বেহাল দশা ও একশ্রেণির অসাধু মাটি ব্যবসায়ীর কর্মকাণ্ড। শুকনো মৌসুমে ‘মাটি খেকোরা’ ড্রাম ট্রাকে করে মাটি পরিবহনের সময় রাস্তায় প্রচুর মাটি স্তূপ করে ফেলে। হালকা বৃষ্টিতে সেই মাটি ভিজে রাস্তা প্রচণ্ড পিচ্ছিল হয়ে পড়ে, যা চালকদের জন্য মরণফাঁদে পরিণত হয়। রাস্তায় পড়ে থাকা মাটি ও বৃষ্টির সংমিশ্রণে সড়ক এখন সাবানের মতো পিচ্ছিল। অতিরিক্ত সচেতন না হলে মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য এই পথ পাড়ি দেওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।
পুরোদমে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে এই হালকা বৃষ্টিতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। প্রশাসন যদি দ্রুত রাস্তায় পড়ে থাকা মাটি পরিষ্কারের ব্যবস্থা না করে এবং মাটি পরিবহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়, তবে প্রাণহানির মতো বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক 
















