রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হয়েছে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রম। রোববার (৫ এপ্রিল ২০২৬) সকালে হাসপাতালের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমা। এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, চোখ শরীরের অমূল্য সম্পদ। একজন দৃষ্টিহীন মানুষের জীবন কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা যায় না। ডা. রোমেল চাকমা যে সাহস ও দক্ষতা নিয়ে এই অপারেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। জেলা পরিষদ সবসময় এই ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কার্যক্রমের প্রথম দিনেই প্রাথমিকভাবে ৫ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে আজ ২ জন রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও অপারেশন করা হবে। চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমার নেতৃত্বে একটি দক্ষ টিম এই অস্ত্রোপচার পরিচালনা করছেন।
সিভিল সার্জন ডা. নূয়েন খীসা তার বক্তব্যে বলেন, “সীমিত সম্পদের মধ্যেও আধুনিক চক্ষু সেবা চালু করা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। জেলা পরিষদের আর্থিক ও মানসিক সমর্থনে আমরা আজ সফল হয়েছি। ডা. রোমেল সাহসিকতার সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আশা করছি ভবিষ্যতে এই সেবাকে আমরা আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে পারব।
এতদিন জটিল চক্ষু অপারেশনের জন্য রাঙামাটির মানুষকে চট্টগ্রাম কিংবা ঢাকামুখী হতে হতো। এখন নিজ শহরেই এই সুবিধা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি পাহাড়ের স্বাস্থ্যসেবায় এক বড় অর্জন।
উল্লেখ্য, এই চক্ষু অপারেশন কার্যক্রমটি এখন থেকে নিয়মিতভাবে কিন্তু সীমিত পরিসরে চালু থাকবে, যা ক্রমান্বয়ে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 















