অনিশ্চিত শিক্ষাজীবনে আশার আলো: প্রতিবন্ধী শিক্ষার্থী সুনয়নের পাশে নানিয়ারচর সেনা জোন

নিজস্ব প্রতিবেদক
অনিশ্চিত শিক্ষাজীবনে আশার আলো: প্রতিবন্ধী শিক্ষার্থী সুনয়নের পাশে নানিয়ারচর সেনা জোন
শারীরিক প্রতিবন্ধকতা আর চরম আর্থিক সংকট যখন উচ্চশিক্ষার স্বপ্নকে থমকে দিতে বসেছিল, ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোন। বকেয়া পরীক্ষার ফরম পূরণ করতে না পারা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সুনয়ন চাকমার শিক্ষাজীবন সচল রাখতে আর্থিক অনুদান ও সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে নানিয়ারচর জোন সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে সুনয়ন চাকমার হাতে আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। এ সময় বিএ পরীক্ষার ফরম পূরণসহ তার উচ্চশিক্ষা অব্যাহত রাখার সার্বিক ব্যয়ভার গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
‎
‎স্থানীয় ও কলেজ সূত্রে জানা যায়, সুনয়ন চাকমা নানিয়ারচর সেনা জোনের আওতাধীন ২নং নানিয়ারচর ইউনিয়নের বাসিন্দা এবং খাগড়াছড়ি সরকারি কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতায় ভোগায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের টাকা কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে পারেননি তিনি। ফলে তাঁর পরীক্ষায় অংশগ্রহণ এবং উচ্চশিক্ষার পথ রুদ্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি নানিয়ারচর সেনা জোনের নজরে এলে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
‎
‎সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের পদক্ষেপ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
‎
‎এদিকে, অসহায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীর পড়াশোনা টিকিয়ে রাখতে নানিয়ারচর সেনা জোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
‎

শেয়ার করুন