রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. এরশাদুল হক মন্ডল রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।
গতকাল ২৫ নভেম্বর ২০২৬ তারিখে থানায় করা আবেদনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন মোবাইল নম্বর ও মেসেঞ্জার ব্যবহার করে তাঁকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। চক্রটি তাঁর নামে তৈরি মিথ্যা ও সুপার এডিট করা অশ্লীল ছবি এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
আবেদনে আরও বলা হয়, দাবি অনুযায়ী ৫০ লাখ টাকা না দিলে তাঁর নামে তৈরি ভুয়া কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ভয়ভীতি দেখানো হচ্ছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন ওই প্রকৌশলী।
হুমকি ও হয়রানির ঘটনায় ‘রাবেল’ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন আবেদনকারী। তবে ওই ব্যক্তি সরাসরি সামনে না এসে ভিন্ন ভিন্ন নম্বর ব্যবহার করে তাঁকে বারবার উত্ত্যক্ত করছেন। অভিযুক্ত ব্যক্তির প্রকৃত পরিচয়, ঠিকানা কিংবা স্থায়ী মোবাইল নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী প্রকৌশলী জানান, বিভিন্ন মোবাইল নম্বর থেকে নিয়মিত হুমকি ও চাঁদা দাবির বার্তা আসায় তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা, ব্যবহৃত মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান এবং চাঁদাবাজি, প্রতারণা ও অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া ওই আবেদনে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


















