কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রায় দুই বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সেতু।
সেতুটির ঠিক সামনেই শ্রীপুর মেইলঘর বাজার থাকায় দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা। ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাচিসাইর, শ্রীপুর ও ধলিপুষ্কুরনী গ্রামের কয়েক শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে পাশের মোহাম্মদপুর গ্রামের স্কুল ও কলেজে যাতায়াত করে। সেতুর বিভিন্ন অংশের কংক্রিট খসে পড়ে রড বেরিয়ে যাওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
দুর্ভোগের কথা তুলে ধরে শ্রীপুর গ্রামের বাসিন্দা তানভীর ইসলাম মুন্সী বলেন, “দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। সেতুর কংক্রিট ভেঙে রড বেরিয়ে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।
অভিভাবকদের উদ্বেগের কথা জানিয়ে কাচিসাইর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, “আমাদের এলাকার অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে মোহাম্মদপুরের কলেজ ও বিদ্যালয়ে যাতায়াত করে। ভাঙা সেতুর কারণে তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিষয়টি নিয়ে অভিভাবকরাও উদ্বিগ্ন।
ব্যবসায়িক ও বাজারের ভোগান্তি নিয়ে মেইলঘর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “সেতুর পাশেই বাজার হওয়ায় প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। ক্রেতা-বিক্রেতা সবাইকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেতুটি দ্রুত মেরামত করা হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে।
এদিকে সেতুটি সংস্কারের দাবিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই আবেদন পরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে পাঠানো হয়। তবে সংস্কারকাজের অগ্রগতি বা সম্ভাব্য সময়সীমা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল হাই কায়সার বলেন,সেতুটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। গত স্থানীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণায় এসে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সেতুটি সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আমরা চাই, তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিন।
সমস্যার ব্যাপকতা তুলে ধরে ধলিপুষ্কুরনী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এটি শুধু একটি গ্রামের সমস্যা নয়; আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত সেতুটি সংস্কার অথবা প্রয়োজন অনুযায়ী পুনর্নির্মাণ করা হোক।
তবে আবেদনের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন দেবিদ্বার উপজেলা এলজিইডির প্রকৌশলী মনিরুল সাজ রিজন। তিনি বলেন, শ্রীপুর মেইলঘর এলাকার ভাঙা সেতুটি সংস্কারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে তা আমি পাইনি। আজ আপনার মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। সেতুটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে সরেজমিনে পরিদর্শন এবং কারিগরি দিক যাচাইয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের হস্তক্ষেপ এবং এলজিইডির দ্রুত ও কার্যকর পদক্ষেপে দীর্ঘ দুই বছরের এই জনদুর্ভোগের অবসান ঘটবে।

