মহালছড়িতে ক্যান্সার আক্রান্ত ৩ রোগীর চিকিৎসায় এগিয়ে এল সেনাবাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে ক্যান্সার আক্রান্ত তিনজন অসচ্ছল রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মহালছড়ি জোনের উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মোট ৬৬ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহালছড়ি জোন সদর ছাড়াও আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প ও ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন—মহালছড়ি উপজেলার নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ জবর আলী (১২ হাজার টাকা), ভুয়াছড়ির কোমলছড়ি এলাকার ওয়াজিদ টিলার বাসিন্দা মোঃ আতাউর রহমান (৩২ হাজার ৪০০ টাকা) এবং মহালছড়ি মাস্টারপাড়ার মোঃ কাইয়ুম মিয়া (২২ হাজার টাকা)।
ক্যান্সারের মতো জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় অসচ্ছল পরিবারের পক্ষে তা চালিয়ে যাওয়া প্রায়শই কঠিন হয়ে পড়ে। এমন সংকটময় মুহূর্তে মহালছড়ি জোনের উদ্যোগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতায় দেওয়া এই অর্থ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এমন মানবিক পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

