খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো এবং পরবর্তীতে সরাসরি বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি কলের ভিত্তিতে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহাদাৎ হোসেন প্রায় এক মাস ধরে ওই নারীকে মেসেঞ্জারে অশালীন ভাষায় বিভিন্ন বার্তা পাঠিয়ে আসছিলেন। তবে ভুক্তভোগী নারী এসব বার্তার কোনো জবাব না দেওয়ায় বৃহস্পতিবার সকালে শাহাদাৎ সরাসরি তার বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মেসেঞ্জারে কেন সাড়া দেওয়া হচ্ছে না—তা নিয়ে ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি।
পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী নারী দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে রামগড় থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর ৯৯৯-এ কলের পর দ্রুত লোকেশন শনাক্ত করে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

