প্রতিষ্ঠাবার্ষিকীতে হাফছড়ি, তৈমাতাই ও সিন্দুকছড়িতে শীতবস্ত্র বিতরণ; পাহাড়ের মানুষের পাশে থাকার প্রত্যয়

মানবতার ৬ বছর: গুইমারার হাজারো শীতার্তের মুখে হাসি ফোটাল খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, গুইমারা
মানবতার ৬ বছর: গুইমারার হাজারো শীতার্তের মুখে হাসি ফোটাল খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন
প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
‎
‎ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে গুইমারা উপজেলার হাফছড়ি, তৈমাতাই মৌজা এবং সিন্দুকছড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এসব শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। কনকনে শীতে নতুন কম্বল হাতে পেয়ে পাহাড়ি জনপদের অসহায় পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
‎
‎খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা তাঁর বাবা-মায়ের নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা সহায়তা, বিনামূল্যের চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশনটি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
‎
‎শীতবস্ত্র বিতরণকালে সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎অনুভূতি প্রকাশ করে ফাউন্ডেশনের উদ্যোক্তা ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানবতার এই যাত্রাকে আরও দীর্ঘ ও বেগবান করতে ফাউন্ডেশন আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
‎
‎স্থানীয়রা জানান, বিগত ছয় বছর ধরে ফাউন্ডেশনের ধারাবাহিক সেবামূলক কর্মকাণ্ড পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বড় ভরসা হয়ে উঠেছে। ভবিষ্যতেও প্রত্যন্ত এলাকায় মানবতার আলো ছড়িয়ে দেওয়াই ফাউন্ডেশনের মূল অঙ্গীকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎

শেয়ার করুন