রাঙ্গামাটি শহরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে নেমেছে জেলা পুলিশ। সোমবার (৬ এপ্রিল ২০২৬) কোতয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পৌরসভার ০১নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় জনৈক মোঃ সাইফুল ইসলাম ওরফে সাবুর (৪১) বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুদ করা ডিজেলসহ হাতেনাতে সাবুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম ওরফে সাবু ওই এলাকার মৃত সিদ্দিক আহম্মেদ ও নুর নাহার বেগমের পুত্র।
কোতয়ালী থানা সূত্রে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে আসছিলেন। এসব তেল পরবর্তীতে উচ্চমূল্যে কালোবাজারির মাধ্যমে বিক্রি করা হতো। পুলিশের মতে, এ ধরনের অবৈধ মজুদ স্থানীয় বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলে।
অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, “জ্বালানি খাতের অনিয়ম ও কালোবাজারি রোধে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
এদিকে পুলিশের এই তড়িৎ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সচেতন মহলের মতে, পবিত্র রমজান ও বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিয়ে যারা কারসাজি করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 

















