রাঙ্গামাটি জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করার লক্ষে পুলিশের বিশেষ অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও বিজিবি রোড এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস দল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃতরা হলেন: মোঃ ফারুক (৪৮), পিতা- মৃত সেকান্দার বাদশা, সাং- তবলছড়ি মাছ বাজার এলাকা, মোঃ ফজল (৩৬), পিতা- মৃত আব্দুস সালাম, সাং- কর্মচারী কলোনী এলাকা।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করে আসছিল এবং তারা একাধিক মামলার পলাতক আসামি। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 

















