সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে তালা ও ‘লকডাউন’ পোস্টার, দুপুরে তালা ভাঙল পুলিশ ও স্থানীয়রা

Parbatta TV
সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে তালা ও ‘লকডাউন’ পোস্টার, দুপুরে তালা ভাঙল পুলিশ ও স্থানীয়রা
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মূল কক্ষে তালা ঝুলিয়ে ‘লকডাউন’ লেখা পোস্টার সাঁটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে অজ্ঞাত ব্যক্তিরা এ কাণ্ড ঘটায় বলে জানা গেছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎
‎স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আলোকে আজ আনুমানিক রাত ৪টার দিকে সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় কক্ষের গায়ে ‘লকডাউন’ লেখা একটি পোস্টারও লাগিয়ে দেওয়া হয়।
‎
‎সকালে বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে গুইমারা থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
‎
‎পরবর্তীতে দুপুর ১২টার দিকে গুইমারা থানার প্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙে কক্ষটি খুলে দেওয়া হয়।
‎
‎এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনার পর থেকেই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
‎

শেয়ার করুন