পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম তবলা পাড়া এলাকায় দিনব্যাপী বহুমুখী জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। কর্মসূচির আওতায় স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে এলাকার প্রায় ৪৬২ জন স্থানীয় ও দুস্থ পাহাড়ি রোগী সরাসরি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। ক্যাম্পেইনে সিন্দুকছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ইতোপূর্বে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন পাহাড়ি ছাত্রীর মধ্য থেকে ৫ জন ছাত্রী এই ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নিয়ে রোগীদের সেবায় চিকিৎসককে সহযোগিতা করেন—যা স্থানীয় নারী ও তরুণীদের স্বাবলম্বী ও সেবায় সম্পৃক্ত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
মানবিক এই আয়োজনে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি উপস্থিত থেকে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতের তীব্রতা বাড়ার আগেই এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি স্থানীয় তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে তবলা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান এবং শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য একটি পানির ট্যাংকি হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌলিক চাহিদা পূরণে সিন্দুকছড়ি জোনের এ ধরনের শান্তি ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

