খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মূল কক্ষে তালা ঝুলিয়ে ‘লকডাউন’ লেখা পোস্টার সাঁটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে অজ্ঞাত ব্যক্তিরা এ কাণ্ড ঘটায় বলে জানা গেছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আলোকে আজ আনুমানিক রাত ৪টার দিকে সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় কক্ষের গায়ে ‘লকডাউন’ লেখা একটি পোস্টারও লাগিয়ে দেওয়া হয়।
সকালে বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে গুইমারা থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
পরবর্তীতে দুপুর ১২টার দিকে গুইমারা থানার প্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙে কক্ষটি খুলে দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনার পর থেকেই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

