বড়াদমে বিজিবির অভিযান: ৪ লাখ টাকার বেশি সেগুন কাঠ জব্দ

Parbatta TV
বড়াদমে বিজিবির অভিযান: ৪ লাখ টাকার বেশি সেগুন কাঠ জব্দ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সকাল সাড়ে ৮টার দিকে বড়াদম এলাকায় বিশেষ টহল অভিযান চালায় বিজিবির একটি দল।
‎হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকা থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের পরিমাণ ৯২ দশমিক ৩৬ ঘনফুট এবং আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।
‎
‎এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত ও পাহাড়ি এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। চোরাকারবারিরা নানা কৌশলে কাঠসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচারের চেষ্টা করলেও তা প্রতিহত করতে গোয়েন্দা তৎপরতা ও টহল আরও জোরদার করা হয়েছে। চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
‎

শেয়ার করুন