আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সরবরাহের উদ্দেশ্যে গোলাবারুদগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা বিজিবির

বাঁশঝাড়ে গোপন মজুত: বান্দরবানের দুর্গম পাহাড়ে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বাঁশঝাড়ে গোপন মজুত: বান্দরবানের দুর্গম পাহাড়ে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় গোপনে গোলাবারুদ মজুত রাখার খবর পাওয়া যায়। এরপরই অভিযানের ছক কষে বাহিনীটি।
‎
‎বান্দরবান সেক্টর কমান্ডারের তত্ত্বাবধানে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানে নামে। শনিবার দুপুর ১টা থেকে শুরু হওয়া এই অভিযানে দুর্গম ও সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে চিরুনি তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।
‎
‎বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এসব গোলাবারুদ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে ওই স্থানে মজুত রাখা হয়েছিল। এই গোপন মজুতের নেপথ্যে কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
‎
‎বিজিবি আরও জানায়, গোয়েন্দা নজরদারি জোরদার, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

শেয়ার করুন