খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের অভিভাবক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন উম্মে তাহমিনা মিতু। ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা মাটিরাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।
উম্মে তাহমিনা মিতু এর আগে কুমিল্লার লালমাই উপজেলায় অত্যন্ত সফলতার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা; লালমাইয়ে যোগদানের পূর্বে তিনি মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মদক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক অভিজ্ঞতা মাটিরাঙ্গার উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, নবাগত নির্বাহী অফিসারের নেতৃত্বে মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন আরও গতিশীল হবে।
উপজেলা প্রশাসন, মাটিরাঙ্গার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নির্বাহী অফিসারের যোগদানের ফলে প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা আরও দৃঢ় হবে।
নিজস্ব প্রতিবেদক 












