খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ সড়কের বগাপাড়া এলাকার স্টিল ব্রিজটি এখন যাত্রী ও সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটির অবস্থা এতটাই জীর্ণ যে, এর ওপর দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বগাপাড়া এলাকার ব্রীজ সংলগ্ন কোথাও বা বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় পুরো ব্রিজটি থরথর করে কাঁপতে থাকে। ব্রিজের বেহাল দশার কারণে মাঝেমধ্যেই ছোটখাটো যানবাহন চাকা আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং কৃষি পণ্যবাহী ট্রাক চলাচল করে। স্থানীয় ভুক্তভোগীরা জানান: এই ব্রিজটি আমাদের যাতায়াতের প্রধান পথ। কিন্তু এখন এটি একটি মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির দিনে এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বড় কোনো প্রাণহানি ঘটার আগেই এটি মেরামতে নজর দেন।
এলাকাবাসী ও চালকদের অভিযোগ, ব্রিজের এই করুণ দশা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও টেকসই কোনো সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ব্রিজটি যে অবস্থায় রয়েছে, তাতে যে কোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
দীঘিনালা ও লংগদু উপজেলার সাধারণ মানুষ জনস্বার্থে অনতিবিলম্বে এই ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছে।
নিজস্ব প্রতিবেদক 










