সাজেকের পাহাড়ি সড়কে বেড়াতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ ২৪ জুন বুধবার দুপুরে সাজেকের হাউস পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার রোজার হাট গ্রামের বাসিন্দা সনি বড়ুয়া (২৪)। তাৎক্ষণিকভাবে অপর আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি ভ্রমণের উদ্দেশ্যে তারা মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছিলেন। পথে হাউস পাড়া এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু ও আঁকাবাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীই ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সনি বড়ুয়াসহ দুজনের শরীরেই গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পাহাড়ি সড়কে যাতায়াতের সময় চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।


















