রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর নানিয়ারচর জোনের হস্তক্ষেপে অবশেষে বদলে গেছে উপজেলার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটের চিরচেনা চিত্র।
বুধবার (২৪ জুন) উপজেলার সাপ্তাহিক হাটের দিন দেখা গেছে এক ভিন্ন আমেজ। দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে ক্রেতা ও বিক্রেতারা প্রধান সড়ক ছেড়ে পূর্বের ন্যায় সুশৃঙ্খলভাবে নিচ বাজার, মাছ বাজার ও লঞ্চঘাট এলাকায় তাদের পণ্য ক্রয়-বিক্রয় করছেন। ফলে কোনো প্রকার যানজট ছাড়াই স্বস্তিতে চলাচল করতে পেরেছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানিয়ারচর উপজেলার প্রধান সড়কটিতে প্রতি সপ্তাহে হাট বসার কারণে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে করে জরুরি যাতায়াতসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাত। বিষয়টি নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি-এর দৃষ্টিগোচর হলে তিনি যানজট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁরই সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় সাপ্তাহিক হাটটি আগের নির্ধারিত স্থানে (নিচ বাজার ও লঞ্চঘাট এলাকা) স্থানান্তর করা হয়।
প্রতি সপ্তাহে নানিয়ারচর উপজেলার প্রধান সড়কে হাট বসায় যানজট লেগেই থাকতো, চলাচল করা কঠিন হয়ে পড়ত। আজ নিচ বাজারে বাজার বসায় সেই চিরচেনা যানজটের চিত্র আর দেখা যায়নি। আমরা খুব শান্তিতে বাজার করতে পারছি।
এ বিষয়ে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, প্রধান সড়কে হাট বসার কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি জোন কমান্ডার গভীরভাবে অনুধাবন করেন। নানিয়ারচরবাসীর সুন্দর ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই হাটটিকে পূর্বের জায়গায় স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে সেনাবাহিনীর এমন গণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নানিয়ারচরের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।


















