মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল মাদক নির্মূল করা। সেই লক্ষ্যেই সরকার মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা যাতে সহজে জামিন না পায়, সে জন্য মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের দলীয় প্রভাব সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ সহযোগিতা করলে আগামী দুই মাসের মধ্যে রাঙামাটিকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
দীপেন দেওয়ান আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীরা যাতে আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে আসতে না পারে, সে বিষয়ে আইনজীবীদেরও সজাগ থাকতে হবে। মাদক ব্যবসায়ীদের জামিনের বিষয়ে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত এবং কমিউনিটি পুলিশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ।
প্রধান বক্তার বক্তব্যে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক প্রতিরোধ একটি বড় যুদ্ধ। এ যুদ্ধে পুলিশ একা সফল হতে পারবে না। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক নির্মূল করা গেলে সমাজে অপরাধ অর্ধেক কমে আসবে। তাই সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এর আগে তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাঙামাটি কমিউনিটি পুলিশের সহ-সভাপতি নব জ্যোতি খীসা, রাঙামাটি ইমাম সমিতির সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান।
সমাবেশে পুলিশ, প্রশাসন, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















