রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মুখে ফের ধরা পড়ল মাদক কারবারি। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশি চেকপোস্টে ৬ পিস ইয়াবাসহ মো. মনসুর নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান ফরেনার চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়। রাঙুনিয়া থেকে একটি মোটরসাইকেলে চড়ে কাপ্তাইয়ের দিকে আসছিলেন অভিযুক্ত মনসুর।
রেশম বাগান চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায় এবং তল্লাশি চালায়। এ সময় তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে হালকা গোলাপি রঙের ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. মনসুর (৩২) কাপ্তাইয়ের শিলছড়ি বাজার এলাকার চেরাগ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর: ০২, তারিখ: ৩ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বুধবার আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী এমন অভিযান কাপ্তাইয়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।












