তৃণমূলের শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া মেধা বিকাশ এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির মহালছড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২০২৭’ (সিজন-২)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার স্থানীয় সংযোগ ও যাত্রা শুরু হয়। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই বৃহৎ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন, যার সাথে সরাসরি যুক্ত হয় মহালছড়ি উপজেলা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব দে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে গঠনমূলক কাজে ব্যস্ত রাখতে বড় ভূমিকা রাখবে। আজকের এ উদ্যোগ তৃণমূল থেকে উঠতি খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে কার্যকর মাধ্যম হবে। তরুণদের সামাজিক অবক্ষয় ও মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















