রাস্তার ওপর ছিঁড়ে পড়ে আছে জীবন্ত বৈদ্যুতিক তার। তিন দিন ধরে অন্ধকারে নিমজ্জিত পুরো এলাকা। বারবার বিদ্যুৎ অফিসে জানিয়েও মিলছে না কোনো সমাধান। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের জমিন আগা এলাকায় এখন এমনই এক মৃত্যুফাঁদ তৈরি হয়ে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে আকস্মিকভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এরপর থেকেই জমিন আগা এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। জনবহুল রাস্তার ওপর তার পড়ে থাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে চলাচল করছেন। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী এখন দিশেহারা।
এলাকার বাসিন্দা কংলাসাই মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন:আমরা বিষয়টি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে (পিডিবি) তাৎক্ষণিকভাবে জানিয়েছি। কিন্তু তিন দিন পার হয়ে গেলেও কোনো টেকনিশিয়ান বা কর্মকর্তা এটি মেরামত করতে আসেননি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে, অন্ধকারে পুরো এলাকা স্থবির হয়ে আছে। কর্তৃপক্ষের এই উদাসীনতা মেনে নেওয়া যায় না।
সরেজমিনে দেখা গেছে, কর্দমাক্ত রাস্তা ও ঝোপঝাড়ের পাশে তার পড়ে থাকায় রাতের বেলা চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
গ্রামবাসীরা দ্রুত এই সমস্যার সমাধান এবং বড় কোনো প্রাণহানি ঘটার আগেই ছেঁড়া তার মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 










