জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬।
আজ রবিবার (০৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক সচেতনতামূলক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ধনিষ্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মো. মনজুরুল আলম, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকিয়া বেগম।
আলোচনা সভায় বক্তারা মাতৃদুগ্ধের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, নবজাতকের সুস্থ ও সবল শারীরিক ও মানসিক বিকাশের জন্য মায়ের দুধের বিকল্প নেই। শিশুর জীবন সূচনায় মাতৃদুগ্ধ পানের সুফল সম্পর্কে সমাজে জনসচেতনতা আরও বৃদ্ধি করতে হবে এবং এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।



















