পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি কৃষকদের কল্যাণে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মহালছড়ি উপজেলার থলিপাড়া ও টিএনটি পাড়া এলাকায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাঙালি- অ-বাঙ্গালি কৃষকদের হাতে এই বীজ তুলে দেওয়া হয়। মহালছড়ি জোনের পক্ষে এই মহতী কার্যক্রমে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন ক্যাপ্টেন তাহমিদ সামিন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগের ফলে পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন যেমন বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি প্রান্তিক কৃষকরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর নতুন দিশা পাবেন। বাঙ্গালি- অ-বাঙ্গালি কৃষকদের যৌথ অংশগ্রহণে এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে ভাতৃত্ববোধ, পারস্পরিক আস্থা এবং সম্প্রীতির বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করেছে।
পাহাড়ের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষিখাতকে এগিয়ে নিতে মহালছড়ি জোনের এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোনের পক্ষ থেকে জানানো হয়েছে।












