খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রহস্যজনক জাদুটোনার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার গচ্ছাবিল মাস্টার পাড়া এলাকায় সাবেক আনসার সদস্য বোরহান উদ্দিনের ঘরের দরজা খুলতেই ভীতিকর এক দৃশ্যের মুখোমুখি হন বাড়ির লোকজন। ঘরের সামনে সুঁই গাঁথা লেবু ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাঁচামরিচ দেখে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে জেগে সাবেক আনসার সদস্য বোরহান আনসারের পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলতেই থমকে যান। দরজার ঠিক সামনে গোল বৃত্তাকারে সাজানো তিনটি লেবু দেখতে পান তারা, যেগুলোর প্রতিটিতে সুঁই গাঁথা ছিল। শুধু তাই নয়, পুরো এলাকা জুড়ে এবং দরজার আশেপাশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল অসংখ্য সুঁই গাঁথা কাঁচামরিচ। এই দৃশ্য দেখে পরিবারটির মাঝে তৎক্ষণাৎ ভীতি ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা বোরহান উদ্দিনের বাড়িতে ভিড় জমান। দিনের পর দিন এমন কুসংস্কার ও শত্রুতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই রহস্যজনক জাদুটোনা বা ভিনদেশী টোনা-টুনকির আলামত রেখে গেছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
এলাকাবাসীর দাবি, অশুভ উদ্দেশ্য বা ভীতি সৃষ্টির জন্য কেউ পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই কাজ করেছে। এ ধরনের রহস্যজনক কর্মকাণ্ডে এলাকায় চরম অস্বস্তি বিরাজ করছে। প্রশাসন ও স্থানীয় মুরুব্বিরা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত বা সামাজিক পদক্ষেপ নেবেন—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।












