“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নমরত্ন চাকমার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর অংসুইচিং মারমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। যুবকদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তরান্বিত করা সম্ভব। তাই যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ পর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মহালছড়ির স্বনামধন্য সামাজিক সংগঠন ‘নবারুণ সংঘ’ ক্লাবকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মনজু লাল চাকমা আনুষ্ঠানিকভাবে এই চেক গ্রহণ করেন।
এ সময় স্থানীয় উদীয়মান যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












