খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে ১১ আনসার ব্যাটালিয়নের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। এই ঘটনার প্রতিবাদে আজ ২১ জুন ২০২৬ ইং বিকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল আনসার ক্যাম্প সংলগ্ন গচ্ছাবিল গুচ্ছগ্রামের একটি দীর্ঘদিনের কাঁচা গ্রামীণ রাস্তা সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এই উন্নয়ন কার্যক্রম শুরু হলে তাতে আকস্মিক বাধা দেয় পাশ্ববর্তী ১১ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তাদের দাবি, সড়কটির একটি অংশ আনসার ক্যাম্পের সীমানার আওতাভুক্ত। পক্ষান্তরে, স্থানীয়দের দাবি— এটি তাদের দীর্ঘদিনের ব্যবহৃত জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং এই উন্নয়ন কাজ ব্যাহত হলে পুরো গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
উন্নয়ন কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গচ্ছাবিল গুচ্ছগ্রামের শত শত বাসিন্দা। নারী-পুরুষ শিশু-বৃদ্ধ নির্বিশেষে স্থানীয় জনতা বিকাল থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেন। তারা আনসার ব্যাটালিয়নের এই “উন্নয়নবিরোধী” ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকেন এবং অবিলম্বে রাস্তার কাজ পুনরায় চালু করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রবীণ ও জনপ্রতিনিধি বলেন:আমাদের ট্যাক্সের টাকায় সরকার রাস্তা করে দিচ্ছে, সেখানে আনসার বাহিনী কেন বাধা দেবে এই রাস্তা আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এটা বন্ধ হলে আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যাবে। আমরা এর স্থায়ী সমাধান চাই।
প্রধান সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মানিকছড়ি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা,১১ আনসার ব্যাটালিয়ন পরিচালক (সিও) দেওয়ান মাতলুবুর রহমান, সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব মীর হোসেন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষের সাথে বসে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
তবে স্থানীয়রা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন।















