খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক এক মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) জোন সদর দপ্তরে আয়োজিত এ সভায় পাহাড়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জোন কর্তৃপক্ষ এবং এলাকার দায়িত্বশীল প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের বিদায়ী অধিনায়ক লে: কর্নেল ইসমাইল সামস আজিজ, পিএসসি, জি এলাকার সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সাথে জোনের নবাগত অধিনায়ক লে: কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর আগমনী বক্তব্য প্রদান করেন এবং পাহাড়ের স্থিতিশীলতা রক্ষায় ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জোন অধিনায়ক পার্বত্য অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন— পার্বত্যবাসীর মানবাধিকার সংরক্ষণ, পাহাড় ধস মোকাবিলা, আইনশৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষা নিশ্চিতকরণ।
অপরাধ দমনে জিরো টলারেন্স: পাহাড়ে সন্ত্রাস নির্মূল ও মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে ফেক আইডির মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিষয়ে সকলকে সতর্ক থাকার এবং সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
সভায় এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজ নিজ মতামত প্রকাশ করেন। বক্তব্য রাখেন—
মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান, মারমা ঐক্য পরিষদ মানিকছড়ির সভাপতি সাথইপ্রু মারমা, সাবেক গুইমারা উপজেলা চেয়ারম্যান উশাপ্রু মারমা, গুইমারা উপজেলা জামায়াতের আমীর৷ মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা মারমা কল্যাণ সমিতির সভাপতি, মারমা ঐক্য পরিষদের প্রতিনিধি, নারী প্রতিনিধি এবং গুইমারা ও মানিকছড়ি থানার প্রতিনিধিগণ।
এছাড়াও মানিকছড়ি ও গুইমারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, হেডম্যান, কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পাহাড়ে সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



















