সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতেও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘নৌযান শুমারি-২০২৬’-এর জেলা পর্যায়ের অবহিতকরণ সভা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফীর প্রধান অতিথিপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় শুমারির সার্বিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, রাঙামাটি জেলার ১০টি উপজেলায় কুইক কাউন্ট অপারেশন চালিয়ে মোট ৪২২টি ঘাট এবং ৪ হাজার ২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকলে সর্বোচ্চ ১২৩৩টি, লংগদুতে ১০৯১টি এবং রাঙামাটি সদরে ৬৫৭টি নৌযান শনাক্ত হয়েছে। সকল ইঞ্জিনচালিত ও পণ্যবাহী নৌযান এই শুমারির আওতায় আসলেও সাধারণ বৈঠাচালিত নৌকা এর বাইরে থাকবে।
নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত জরুরি। তাই শুমারি সফল করতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নৌযান মালিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বক্তারা।




















