পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের স্বার্থ, অধিকার, শান্তি, সম্প্রীতি ও জাতীয় সংহতি রক্ষার প্রত্যয়ে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড, ঢাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
‘আন্তর্জাতিক আদিবাসী দিবস ও পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা: অসাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিনির্মাণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আলকাছ আল মামুন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিএনপির চেয়ারম্যান মো. আবদুল হামিদ রানা এবং সঞ্চালনা করেন রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও পিসিএনপি খাগড়াছড়ি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ও আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ এবং সাংবাদিক, লেখক, গবেষক ও ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি এ এইচ এম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় অঞ্চল। এখানকার স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিটি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার, মর্যাদা এবং ন্যায়সংগত স্বার্থ নিশ্চিত করা অপরিহার্য। বক্তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় রাখা জরুরি। বিভাজন বা পারস্পরিক অবিশ্বাস দূর করে সংলাপ, গণতান্ত্রিক চর্চা এবং আইনের শাসনের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।



















