পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখতে খাগড়াছড়ির মানিকছড়িতে ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণের মহতি উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘আজকের প্রজন্ম’।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে ১৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২৬। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের প্রজন্ম’-এর উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রবিবার বিকেলে মানিকছড়ির গাড়ীটানায় দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের দায়িত্বশীলরা।
এসময় উপস্থিত ছিলেন—সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের ও ওবায়দুল কাদের,প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহিদুল্লাহ ওয়াহেদ,সাংগঠনিক সম্পাদক মুফতী মাঈন উদ্দিন জামীল,শিক্ষক ফিরোজ হাসান চৌধুরী টিটু, আরাফাত মুঈন আরাভী ও মাওলানা মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
আয়োজকরা জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের মাঝে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতে এবার ১৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় চারা রোপণ করা হবে। পাশাপাশি গাছগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।




















