খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এডিস মশার বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা। ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (শুক্রবার) বড় মেরুং আনসার হেডকোয়ার্টার সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় এই জনসেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।
যাত্রী ছাউনি সংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।এডিস মশার বংশবিস্তার রোধে সংশ্লিষ্ট এলাকায় কীটনাশক (ওষুধ) স্প্রে করা হয়।স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
মেরুং ৩ নম্বর হিল ভিডিপি প্লাটুনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমে নেতৃত্ব দেন হাবিলদার মোহাম্মদ আনোয়ার হুসাইন, হাবিলদার নুরুল ইসলাম, হাবিলদার মোঃ ফারুক হোসেন এবং সদস্য মোহাম্মদ মুসা মিয়া, মোহাম্মদ কাউসার মিয়া ও মোহাম্মদ ইসমাইল হোসেন।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের পাশাপাশি হিল ভিডিপি সদস্যদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনকল্যাণমূলক কাজের এক অনন্য দৃষ্টান্ত। পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষায় বাংলাদেশ আনসার ও ভিডিপির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়।



















