বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিওন এর আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ১৫০ চশমা এবং ছানি অপারেশনের জন্য ১০০ জনকে নির্বাচন।
পাহাড় আর সমতলের দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাঙালি ও অ-বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশেষ চক্ষু মেডিকেল ক্যাম্পেইন।
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এর মধ্যে চক্ষু রোগে আক্রান্ত ১৫০ জনকে দেওয়া হয় বিনামূল্যে চশমা। এছাড়া, ছানি অপারেশনজনিত সমস্যার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ১০০ জন রোগীকে আগামী ৩ অক্টোবর সম্পূর্ণ বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে অস্ত্রোপচার করানো হবে।
চিকিৎসার পাশাপাশি জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তদের পরামর্শ দিয়ে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধ। বিশেষ করে, সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সদের এই ক্যাম্পে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় অংশগ্রহণ সবার নজর কেড়েছে।
সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ।


















