জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাঙামাটির লংগদুতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে; একই সাথে ডেঙ্গু প্রতিরোধে চালানো হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
রাঙামাটির লংগদুতে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।
জলবায়ুর বিরূপ প্রভাব ও ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। রাঙামাটি জেলা কমান্ড্যান্টের সার্বিক দিকনির্দেশনা ও নির্দেশক্রমে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লংগদুর বাইট্টাপাড়া আনসার ও ভিডিপি ক্লাব এবং সঞ্জীবন প্লাটুন কেন্দ্রের পতিত জমি, প্রতিষ্ঠানের আঙিনা ও সড়কের পাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
গাছ লাগানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বাহিনীর স্থানীয় সদস্য-সদস্যারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ, সাধারণ আনসার পিসি মো. ওসমান গনি, হিল ভিডিপির প্লাটুন কমান্ডার এরশাদ আলী, জামাল হোসেন ও ইউনিয়ন কমান্ডার শরীফুল ইসলামসহ বাহিনীর অন্যান্য ভাতাভোগী সদস্যগণ।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আনসার ও ভিডিপি সূত্র। এছাড়া রোপণ করা চারাগুলোর সঠিক বেড়ে ওঠা নিশ্চিত করতে স্থানীয় মাঠপর্যায়ের সদস্যদের নিয়মিত পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে।













