খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বার্মাছড়ি এলাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, মানসিক ও শারীরিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় তনুরামপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টি-শার্ট, খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন জোনের উপ-অধিনায়ক মেজর মো. রাজু হোসেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণের মাধ্যমেই শিক্ষার্থীদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। দুর্গম পাহাড়ি এলাকার কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।












