পার্বত্য জেলা রাঙামাটির সাজেকে ইউপিডিএফের ডাকা লাগাতার সড়ক অবরোধ এবং পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউপিডিএফের টানা অবরোধের ফলে তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ায় আজ ১ নভেম্বর রবিবার এক দিনের জন্য অবরোধ শিথিল করা হয়। তবে এই শিথিলের সুফল মিলছে না মাঠপর্যায়ে।
খবর অনুযায়ী, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আজ খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা, লংগদু এবং বাঘাইছড়ি উপজেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে জরুরি প্রয়োজন কিংবা চিকিৎসাসেবা নিতে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে নতুন একটি কর্মসূচি। খাগড়াছড়ির বিভিন্ন সড়কে যান চলাচল যখন বন্ধ, ঠিক তখনই সাজেক সড়কে পৃথকভাবে সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’। এর ফলে পার্বত্য অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং পাহাড়ে একধরনের থমথমে ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের মতে, লাগাতার অবরোধ আর পাল্টাপাল্টি কর্মসূচির যাঁতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ গ্রহণকরা নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি ।












