‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র্যালি, আলোচনা সভা, যুবঋণ ও অনুদান বিতরণের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবকদের এগিয়ে আসতেই হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য দূর করা সম্ভব। এ সময় যুবকদের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজ, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং যুবঋণ গ্রহীতা থুইনচিং মারমা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবকল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান, যুবঋণের চেক এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মাঝে পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় আয়োজিত সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশ।












